মিরসরাইয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অভিযান; বালুভর্তি ৭ ট্রাক জব্দ

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অভিযান চালিয়ে বালুভর্তি ৭টি ড্রাম ট্রাক জব্দ করেছে প্রশাসন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জিরো পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমাইয়া আক্তার।

অভিযান চলাকালে প্রায় ৪ হাজার ২০০ ঘনফুট বালুভর্তি ৭টি ট্রাক জব্দ করা হয়। এসময় সহযোগিতা করেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) কর্মকর্তা ও শিল্পজোন ফাঁড়ির পুলিশ সদস্যরা।

উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার বলেন, ‘অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দকৃত ট্রাকগুলো উপজেলা প্রশাসনের হেফাজতে নেওয়া হয়েছে। তবে মালিক পাওয়া যায়নি, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’