বোয়ালখালীতে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামর বোয়ালখালী উপজেলায় নিজ বসতঘর থেকে হোসনে আরা বেগম (৬০) নামের এক বৃদ্ধা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে বোয়ালখালী থানা পুলিশ।

মঙ্গলবার (১৪ অক্টোবর)সকালে ৭নং চরণদ্বীপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরণদ্বীপ এলাকার আশরাফ মিয়া ফকির বাড়ির নিজ বসতঘর থেকে হোসনে আরা বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত হোসনে আরা বেগম বোয়ালখালী উপজেলার ৭নং চরণদ্বীপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরণদ্বীপ এলাকার আশরাফ মিয়া ফকির বাড়ির মৃত নুরুল ইসলামের স্ত্রী। তার দুই পুত্র রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হোসনে আরা বেগম দুই পুত্রের পরিবারের সাথে থাকতেন। তার দুই পুত্র পালা করে হোসনে আরা বেগমকে খাবার দিতেন। তার এক পুত্র প্রবাসে রয়েছেন।

হোসনে আরা বেগমের ছোট পুত্র মোহাম্মদ ইসমাইল বলেন, আমি আমার পরিবার নিয়ে আমার শ্বশুরবাড়ি বেড়াতে গিয়েছিলাম। ঘরে আমার মা আর বড় ভাবী ছিলেন। সকালে ভাবীর কাছ থেকে এ ঘটনা জানতে পেরেছি।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন,খবর পেয়ে বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।