চট্টগ্রামের ফটিকছড়িতে জুলাই স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট নিয়ে একটি কুচক্রী মহলের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়েছে। টুর্ণামেন্ট আয়োজক কমিটি গতকাল সোমবার(১৩ অক্টোবর) দুপুরে ফটিকছড়ি ক্রীড়া সংস্থার অফিসে এই সংবাদ সম্মেলন আয়োজন করে।
সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির সদস্যরা জানান, ফটিকছড়িতে স্থানীয় যুবকদের খেলাধুলায় উৎসাহিত করতে এবং মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে জুলাই স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট আয়োজন করা হয়। তবে একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে টুর্ণামেন্টটিকে বিতর্কিত করার চেষ্টা চালাচ্ছে।
আয়োজকরা অভিযোগ করেন,টুর্ণামেন্টে অংশগ্রহণকারী বোরহান মেম্বার ফুটবল একাডেমি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন মাধ্যমে টুর্ণামেন্ট নিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। তারা টুর্ণামেন্টের স্বচ্ছতা এবং আয়োজকদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।
সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, জুলাই স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট সম্পূর্ণ স্বচ্ছতার সাথে পরিচালিত হয় এবং এর সকল কার্যক্রম জনসম্মুখে উন্মুক্ত থাকে।
তারা আরও বলেন, এই অপপ্রচারের কারণে স্থানীয় ক্রীড়াপ্রেমী এবং যুবকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। আয়োজক কমিটি এই ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জানায়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জুলাই স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ মুজিবুর রহমান,যুগ্ম-সদস্য সচিব মোঃ আদনান,প্রধান সমন্বয়কারী মোঃ এনামুল হক সাকিব,সদস্য মোঃ শিহাব, মোঃ মাসুদ প্রমূখ।
সংবাদ সম্মেলনে উপস্থিত আয়োজক কমিটির সদস্যরা দৃঢ়ভাবে ঘোষণা করেন, কোনো অপপ্রচারই জুলাই স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট আয়োজনে তাদের সংকল্প থেকে বিচ্যুত করতে পারবে না। আয়োজক কমিটি আশা প্রকাশ করে, সফলভাবে টুর্ণামেন্ট সম্পন্ন হবে।