সারা দেশের ন্যায় চট্টগ্রামের লোহাগাড়ায়ও শুরু হয়েছে টাইফয়েডের টিকাদান কর্মসূচি।
রোববার (১২ অক্টোবর) সকাল ১১টায় দক্ষিণ সাতকানিয়া গোলামবারি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি উদ্বোধন করেন নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম।
এসময় তিনি বলেন , টাইফয়েড একটি অত্যন্ত মারাত্মক রোগ। অনেক সময় সাধারণ জ্বর ভেবে আমরা বুঝতে পারি না এটি টাইফয়েড। শিশুদের ক্ষেত্রে এটি দীর্ঘস্থায়ী হয়ে অঙ্গহানি পর্যন্ত ঘটাতে পারে। প্রতিরোধই সবচেয়ে বড় সুরক্ষা।
সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইকবাল হোসাইন বলেন , আজ থেকে শুরু হয়ে ১৩ নভেম্বর ২০২৫ বিকেল ৪টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে। শিক্ষা প্রতিষ্ঠানে টিকাদান চলবে ৩০ অক্টোবর পর্যন্ত।
উপজেলার ৯টি ইউনিয়নের ৮১টি ওয়ার্ডে মোট ৬৫১টি কেন্দ্রে টিকা প্রদান করা হবে। এর মধ্যে ৪৩৪টি শিক্ষা প্রতিষ্ঠান, ২১৬টি অস্থায়ী কেন্দ্র ও ১টি স্থায়ী কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে মোট ১,০৫,৮০৯ জন শিশুকে টিকা প্রদান করা হবে। আশা করি, ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি আ.ন.ম নোমান, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ইবনে মাসুদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডা. নুসরাত জাহান, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) এসএম সাদেকুল আলম, জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি আবুল কালাম, দক্ষিণ সাতকানিয়া গোলামবারি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমশুল আলম ও আমিরাবাদ ইউপির প্যানেল চেয়ারম্যান মাস্টার জাহাঙ্গীর আলম ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ শের আলী ,স্বাস্থ্য সহকারী খানে আলম ও স্বাস্থ্য,সহকারি আবুল কালাম প্রমুখ।