আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম – ৭ (রাঙ্গুনিয়া) জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বশীল সমাবেশে মানবিক মানুষ ডা. এটিএম রেজাউল করিমকে নতুন প্রার্থী ঘোষণা দিয়েছে দলটির কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।
১১আগষ্ট (শনিবার) বিকেল ৪টায় রাঙ্গুনিয়া পৌর অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলা শাখা আয়োজিত দায়িত্বশীল সমাবেশে মাওলানা মুহাম্মদ শাহজাহান প্রধান অতিথির বক্তব্যের প্রাক্কালে রাঙ্গুনিয়া আসনে আগামী নির্বাচনের দাড়িপাল্লার চূড়ান্ত প্রার্থী হিসেবে পরিচয় করে দেন।
এসময় উপস্থিত নেতাকর্মীরা নারায়ে তাকবির আল্লাহু আকবর স্লোগানে স্লোগানে সমাবেশ স্থল মুখরিত করে তোলে।
রাঙ্গুনিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা হাসান মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সম্মানিত আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম অঞ্চলের টীম সদস্য অধ্যক্ষ মওলানা আমিরুজ্জামান, অধ্যাপক নুরুল আমিন, চট্টগ্রাম উত্তর জেলা আমির আলাউদ্দিন সিকদার। চট্টগ্রাম উত্তর জেলার সাবেক আমির ও চট্টগ্রাম অঞ্চল টীম সদস্য অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ফজলুল করিম।
এসময় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মওলানা শওকত হোসাইন , সেক্রেটারি মাস্টার কামাল উদ্দিন।
সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শাহ আলম।
তৃণমূল নির্বাচন পরিচালনা কমিটির সমাবেশে বার্ধক্যজনিত কারনে কেন্দ্র ঘোষিত পূর্বের প্রার্থী অধ্যক্ষ আমিরুজ্জামানের পরিবর্তে চট্টগ্রাম পার্কভিউ হসপিটালের ম্যানেজিং ডাইরেক্টর ডা. এটিএম রেজাউল করিমকে রাঙ্গুনিয়া জামায়াতের প্রার্থী ঘোষণা দেয়া হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, আগামী নির্বাচন জাতির জন্য একটি চ্যালেঞ্জিং বিষয়। এ চ্যালেঞ্জ মোকাবিলায় জামায়াতের নেতাকর্মীদের সর্বোচ্চ প্রস্তুত থাকতে হবে। তিনি আরো বলেন, নির্বাচন কমিশন আমাদের জানিয়েছেন বাংলাদেশে আর দিনের ভোট রাতে হবে না এবং নিজের ভোট নিজেকেই দিতে হবে। ইনসাফ ও ন্যায় ভিত্তিক রাষ্ট্র কায়েমে জামায়াতে ইসলামীর দাওয়াত ঘরে ঘরে পৌঁছাতে দায়িত্বশীল ভাইদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।