প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হিসেবে পরিচিত হালদায় মাছ ধরার অপরাধে দু’জনকে জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
এ সময় তাদের কাছ থেকে দেড় হাজার মিটার জাল ও একটি বড়শি জব্দ করা হয়েছে। পরে সেগুলো পুড়িয়ে ফেলা হয়।
বৃহস্পতিবার রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিসান বিন মাজেদের নেতৃত্বে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার ছাত্তারঘাট থেকে মোহনা পর্যন্ত হালদা নদীর অংশে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের ব্যাপারে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন ফাহিম বলেন, হালদা নদীর জীববৈচিত্র্য রক্ষা ও প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র সংরক্ষণে উপজেলা প্রশাসন অত্যন্ত আন্তরিক। অবৈধভাবে মাছ শিকার রোধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন রাউজানের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন ফাহিম এবং নৌ-পুলিশের এএসআই রমজান আলী।