চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় ঐতিহ্যবাহী রেলওয়ে স্টেশন মাঠ (রাশিয়ার ফিল্ড) কে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি মালিকানায় ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী পৌরসদরে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার (৮ অক্টোবর) বিকেলে এ মানববন্ধনে রাজনৈতিক সংগঠন বিএনপি, এলডিপি, জামায়াতে ইসলামী, ইসলামী ফ্রন্ট, ব্যবসায়ী সমিতি, দোহাজারী প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে অংশ নেন।
সমাবেশে বক্তাগণ বলেন, রাশিয়ার ফিল্ড বিগত সময়ে প্রতিদিন সকালে উম্মুক্ত পাইকারি কাঁচা বাজার, খেলাধুলা, চিত্ত বিনোদন, ধর্মীয় ও দলীয় সভা-সমাবেশ এবং জানাজার মাঠ হিসেবে বিনা বাঁধায় ব্যবহার হয়ে আসছে। বাংলাদেশ রেলওয়ে হঠাৎ করে উক্ত উম্মুক্ত মাঠকে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি মালিকানায় লিজ দেয়ার পায়তারা শুরু করেছে। এ ধরনের প্রক্রিয়া এলাকাবাসী কোনভাবে মেনে নিবে না। রেলওয়ে কর্তৃপক্ষ টেন্ডার প্রক্রিয়া বাতিল না করলে এলাকাবাসী আরো বড় ধরনের কর্মসুচী দেয়ার হুশিয়ারী উচ্চারণ করেন।
সাংবাদিক এসএম নাসির উদ্দীন বাবলুর সভাপতিত্বে ও জাবের বিন রহমান আরজুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক আবিদুর রহমান বাবুল, মুহাম্মদ লেয়াকত আলী, আনম সালাহউদ্দিন নাছির, মো. জামাল উদ্দীন, জামায়াত নেতা জমির আদনান, বিএনপি নেতা মোহাম্মদ শাহজাহান, ইসলামী ফ্রন্ট নেতা মো. কলিম উদ্দীন, ব্যবসায়ী নেতা মো. নাজিম উদ্দীন, মহিম বাদশা, আনোয়ার হোসেন প্রমুখ।