চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ধামাইরহাট-চৌমুহনী সড়কে শনিবার(৪ অক্টোবর) সকাল নয়টায় শান্তিনিকেতন গুরা পুকুরপাড়ের সামনে ব্রিজের উপর দুইটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সামনের সিটে বসা কিশোর ছিটকে পড়ে গুরুতর আহত হয় আব্দুল্লাহ আহাদ (১৭)।
মাথায় গুরুতর আহত কিশোরকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। মারাত্মক ভাবে আহত হওয়ায় চিকিৎসকরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে স্বজনরা তাকে ভর্তি করে। কিন্তু গতকাল রবিবার (৫অক্টোবর) রাত ২.৩০টায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে তার মৃত্যু হয়।
নিহত কিশোর আহাদ উপজেলার হোসনাবাদ ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের মোগলের হাট পশ্চিমে খামারী পাড়ার স্লুইসগেট এলাকার বাসিন্দা ভ্যান চালক মোঃ ইদরিসের ছেলে।
এ বিষয়ে ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলম জানান, সিএনজি অটোরিকশার সামনে চালকের পাশে গাদাগাদি করে আরো তিন জন যাত্রী নিয়ে চৌমুহনী যাওয়ার পথে বিপরীত থেকে আসা একটি সিএনজি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকরা।
আজ (৬ অক্টোবর সোমবার) রাত নয়টায় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে বলে জানান স্বজনরা।
এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, দুর্ঘটনায় নিহত পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় কোন মামলা হয়নি। ময়নাতদন্ত ব্যতিত লাশ দাফন করা হয়েছে।