চট্টগ্রামের লোহাগাড়ায় শতাধিক পরিবারের চলাচলের রাস্তা ৩০ বছর যাবত বন্ধ করে রেখেছে সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম জিয়াউল হক চৌধুরীর পরিবার।
উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ড জলদাশ পাড়ায় এ কাজ করে আসছিল ওই মহল। এতে সাধারণের চলাচলের বিঘœ ঘটায় প্রায় অবরুদ্ধ হয়ে পড়েছে শতাধিক হতদরিদ্র পরিবার।
সোমবার (৬ অক্টোবর) উপজেলার বটতলী মোটর স্টেশনে চলাচল রাস্তা খুলে দেওয়ার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ সাইফুল ইসলাম বরাবর স্মারকলিপি প্রদান করে।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, চলাচলের রাস্তা বন্ধ করে দেয়া মানবাধিকার লংঘনের শামিল। স্মারকলিপি গ্রহণ শেষে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। শীঘ্্রই এটি সমাধান করবেন বলে তিনি জানান।
মানববন্ধন শেষে সাংবাদিক খলিল উল্লাহ চৌধুরীর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মুসলিম হোসাইন, নজরুল ইসলাম, হরিরঞ্জন দাশ ও পারুল দাশ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘ ৩০ বছর ধরে সাবেক এমপি আবু রেজা নদভীর প্রভাব খাটিয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম জিয়াউল হক চৌধুরী বাবুল জলদাশ পাড়ার শতাধিক পরিবারের চলাচলের রাস্তা বন্ধ রেখেছিলেন। চলাচল রাস্তা সরকারি খাস জায়গায় হলেও দেওয়াল নির্মান করে তা বন্ধ করে দেওয়া হয়েছিল।
পরবর্তীতে তার সাবেক উপজেলা চেয়ারম্যানের ভাতিজা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার এজাহারভূক্ত আসামী ইনজামাউল হক যুবরাজ এলাকাবাসিকে প্রাণনাশের হুমকি দিয়ে চলাচলের রাস্তা আর খুলতে দেয়নি। যার কারণে শতাধিক অসহায় পরিবার খুব কষ্টে চলাচল করেছে। অবিলম্বে এ রাস্তা খুলে দেয়া না হলে কঠোর কঠোর কর্মসূচীর ঘোষণা দেন বক্তারা।