চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়ীয়া এলাকায় রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় মহিবুল ইসলাম (১৬) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
নিহত মহিবুল হাসিমপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডস্থ খুনিয়ার পাড়া এলাকার ফখরুদ্দিন চৌধুরীর ছেলে।
এ ঘটনায় তুষার (১৮) নামে আরেক যুবক গুরুতর আহত হয়েছেন। তুষার ওই এলাকার নুরুল আলমের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার গাছবাড়িয়া ফিলিং ষ্টেশনের সামনে চট্টগ্রামমূখী যাত্রীবাহী তয়েজ এন্টারপ্রাইজ (ঢাকা মেট্টো-ব ১২-৪৪৯১) বাস বিপরীত দিক থেকে আসা বাইসাইকেলটিকে ধাক্কা দিলে ওই দুই আরোহী মহাসড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বিজিসি ট্রাস্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানে মহিবুল ইসলামের মৃত্যু হয়। আহত তুষারকে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ঘটনায় বাস চালক নীলফামারী সদর থানার শান্তিনগর এলাকার মৃত মাহতাব উদ্দিনের ছেলে হানিফ (৪৫) কে আটক করা হয়েছে।
দূর্ঘটনার পর স্থানীয়রা বাসটি আটক করে ভাংচুর করে এবং এক ঘন্টা মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কের উভয়পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
খবর পেয়ে চন্দনাইশ সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আরেফ আসমার জয়ের নেতৃত্বে একদল সেনা সদস্য ও চন্দনাইশ থানা এবং দোহাজারী হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং যানচলাচল স্বাভাবিক করে।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলম সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, “দূর্ঘটনা কবলিত যাত্রীবাহী বাসটি থানায় আনা হয়েছে। এবিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”