অবশেষে উদ্ধার হলো বাঁশখালীর নিখোঁজ ৭ স্কুল শিক্ষার্থী

চট্টগ্রামের বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিখোঁজ সাত শিক্ষার্থীকে অবশেষে উদ্ধার করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোরে বাঁশখালী পৌরসভার চুম্মাপাড়ার আমেনা পার্ক এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ঘুরতে বের হয়ে ওই সাত শিক্ষার্থী পথ হারিয়ে ফেলে। তারা জলদী মিয়ার বাজারের পূর্ব পাশে অবস্থিত আমেনা পার্কে গিয়ে পৌঁছে এবং ফেরার পথে আর পথ চিনতে না পেরে একটি গাছের নিচে রাত কাটায়।

পরদিন ভোরে স্থানীয়দের নজরে আসলে তাদের উদ্ধার করা হয়। বর্তমানে শিক্ষার্থীরা উপজেলা প্রশাসনের জিম্মায় রয়েছে।

উদ্ধার হওয়ায় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। গতকাল শিক্ষার্থীদের নিখোঁজের খবরে এলাকায় চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছিল।