রাঙ্গুনিয়ায় তুচ্ছ ঘটনায় খুন, প্রধান আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন।

ঘটনার পরপরই মামলা দায়ের হলে ২৪ ঘন্টার মধ্যে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার আসামি আশরাফ আলী (২৮) কে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম।

এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের সিকদারপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রহমত উল্লাহ(৪৮) ওই এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা ও ইট ভাঙার মজুরি নিয়ে প্রতিবেশী রেজাউলের পরিবারের সঙ্গে রহমতের বিরোধ ছিল। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে রেজাউলের পরিবারের কয়েকজন সদস্য লাঠি ও ছুরি নিয়ে হামলা চালায়। এতে রহমতের পেটে ছুরিকাঘাত হলে তাকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাঙ্গুনিয়া  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানান, ভুক্তভোগীর পরিবারের মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামিকে পাশ্ববর্তী ইউনিয়ন কোদালা দিয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।