চট্টগ্রামের মিরসরাইয়ে নৈশপ্রহরীকে রুমের মধ্যে আটকে রেখে ইউনিয়ন পরিষদে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার ৯ নম্বর মিরসরাই সদর ইউনিয়ন পরিষদে এই চুরির ঘটনা ঘটে। এসময় চোরের দল লক্ষাধিক টাকার কম্পিউটার, নগদ প্রায় ৪২ হাজার টাকাসহ বিভিন্ন জরুরি কাগজপত্র নিয়ে যায়।
নৈশপ্রহরী কৃষ্ণধন দাশ বলেন, ‘রবিবার রাত ১টার পরে আমার শরীর খারাপ লাগলে আমি রুমের মধ্যে শুয়ে পড়ি। ভোর ৫ টার দিকে ঘুম ভাঙলে দরজা খুলতে চাইলে দেখি দরজা বাহির দিক দিয়ে লক করা। পরবর্তীতে আমি চিৎকার করলে স্থানীয় এক দোকানদার এসে দরজা খুলে দেয়। আমি বাহির হয়ে দেখি আমাদের সচিবের কক্ষের দরজার তালা কাটা অবস্থায় পড়ে আছে। বিষয়টি আমি সাথে সাথে সচিবকে অবগত করি।’
মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের সচিব মনির উদ্দিন বলেন, ‘নৈশপ্রহরী কৃষ্ণধন দাশ আমাকে সকালে ফোন দিয়ে বলেন আমার রুমের দরজার তালা কাটা অবস্থায় পড়ে আছে। খবর পেয়ে গিয়ে দেখি লক্ষাধিক টাকার ডেক্সটপ কম্পিউটার, নগদ প্রায় ৪২ হাজার টাকাসহ বিভিন্ন জরুরি কাগজপত্র নিয়ে যায় চোর। এছাড়া আলমারির সব জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে ছিল।’
তিনি আরো বলেন, ‘গত কয়েকদিন আগে আমাদের সিসিটিভি নষ্ট হয়ে যাওয়াতে কাউকে শনাক্ত করাও সম্ভব হয়নি। বিষয়টি মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক সোমাইয়া আক্তার ও মিরসরাই থানা পুলিশকে অবহিত করা হয়েছে।’
এ বিষয়ে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, ‘মিরসরাই সদর ইউনিয়ন পরিষদে চুরির বিষয়ে প্রশাসনিক কর্মকর্তা লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’