বোয়ালখালীতে বিয়ে দিতে চাওয়ায় অভিমানে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মেয়েকে বিয়ে দিতে চাওয়ায় মা-বাবার ওপর অভিমান করে উম্মে হাবিবা ইসমা (১৭) নামের এক কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে বোয়ালখালী উপজেলার চরখিজিরপুর নাম্মাইর চৌধুরী বাড়ির নিজ বসত ঘরের সিলিংয়ের সাথে গলায় ওড়না পেঁচানো ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় উম্মে হাবিবা ইসমার লাশ উদ্ধার করেছে বোয়ালখালী থানা পুলিশ।

নিহত উম্মে হাবিবা ইসমা বোয়ালখালী উপজেলার চরখিজিরপুর নাম্মাইর চৌধুরী বাড়ির মোহাম্মদ ইব্রাহীমের মেয়ে। সে বোয়ালখালী উপজেলার শাকপুরা হাজি মো: নুরুল হক ডিগ্রি কলেজের একাদশ শ্রেনির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, মেয়েটি পড়ালেখা করতে চেয়েছিলো। সম্প্রতি কলেজে ভর্তিও হয়। এরমধ্যে তার মা-বাবা বিয়ে দিতে চাওয়ায় অভিমানে গলায় ফাঁস দেয় বলে জানায় স্থানীয়রা।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন,খবর পেয়ে পুলিশ মেয়েটির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে। এ ব্যাপারে বোয়ালখালী থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।