চট্টগ্রামের মিরসরাইয়ে বাড়ী থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থলে ফেরার পথে শাহজাহান (৪১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরবাজারের দক্ষিণ ইউটার্ণে চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শাহজাহান কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বটতল ইউনিয়নের উল্লাখালী গ্রামের ভূঁইয়া বাড়ির আব্দুল ওয়াহাব মিয়ার ছেলে। তিনি চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালের অফিস সহকারী হিসেবে চাকুরি করতেন।
নিহতের চাচাতো ভাই সোহরাব হোসেন নয়ন বলেন, ‘শুক্রবার ছুটি শেষে শনিবার ভোরে তিনি মোটরসাইকেলযোগে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন। পথে জোরারগঞ্জ থানার দক্ষিণ পাশে ইউটার্ণে দুর্ঘটনায় মারা যান। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।’
বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শাহজাহান মারা যান। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’