চট্টগ্রামের লোহাগাড়ায় ব্যবসায়ী শাহ আলম হত্যা মামলার প্রধান আসামি শাহ নেওয়াজ লাভলুকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার ভোর সাড়ে ৩টার দিকে চন্দনাইশের দোহাজারী দেওয়ানহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান।
এর আগে গত ১১ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে লোহাগাড়ার আধুনগর ঘাটিয়ারপাড়া এলাকায় সীমানা বিরোধকে কেন্দ্র করে চাচাতো ভাই লাভলুর কোদালের কোপে নিহত হন ব্যবসায়ী শাহ আলম।
পুলিশ জানায়, লোহাগাড়ার আধুনগেরর ব্যবসায়ী শাহ আলমকে কোদাল দিয়ে আঘাতে হত্যার পর লাভলু পলাতক ছিল। অবশেষে ঘটনার আট দিন পর পুলিশের বিশেষ অভিযানে চন্দনাইশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান বলেন, গোপন সংবাদির ভিত্তিতে শনিবার ভোরে অভিযান পরিচালনা করে লাভলুকে গ্রেপ্তার করা হয়। লাভলুকে একইদিন সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।