দোহাজারী পৌরসভা ‘খ’ শ্রেণিতে উন্নীত

অবশেষে ‘গ’ শ্রেণি থেকে ‘খ’ শ্রেণির পৌরসভায় উন্নীত হলো চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা।

রোববার (১৪ সেপ্টেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে মর্মে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন যুগ্ম সচিব মোহাম্মদ কবির উদ্দিন। দোহাজারী পৌরসভাকে ‘খ’ শ্রেণিতে উন্নীত করার ফলে কর্মকর্তা/কর্মচারীদের পদমর্যাদা কিংবা বেতনক্রম উন্নীত হবে না। তাদের পূর্বের পদমর্যাদা ও বেতনক্রম বহাল থাকবে বলে উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।

জানা যায়, সাবেক পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ লোকমান হাকিমের সময়কালে ২০২৪ সালের ৭ মে দোহাজারী পৌরসভা ‘গ’ শ্রেণি থেকে ‘খ’ শ্রেণিতে উন্নীত করার জন্য মন্ত্রণালয়ে চিঠি প্রেরণ করেন। এরপর দোহাজারী পৌরসভাকে ‘গ’ শ্রেণি থেকে ‘খ’ শ্রেণিতে উন্নীতকরণের বিষয়ে চাহিত তথ্যাদি সরেজমিন যাচাইকরণের জন্য চলতি বছর ১১ ফেব্রুয়ারি দোহাজারী পৌরসভা কার্যালয় পরিদর্শন করেন স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রাম’র উপপরিচালক মো. নোমান হোসেন।

পরবর্তীতে চলতি বছর ১১ ফেব্রুয়ারি দোহাজারী পৌরসভার প্রশাসক ডিপ্লোমেসি চাকমা পুনরায় মন্ত্রণালয়ে আবেদন প্রেরণ করেন। সেই আবেদনের প্রেক্ষিতে দোহাজারী পৌরসভাকে ‘গ’ শ্রেণি থেকে ‘খ’ শ্রেণিতে উন্নীতকরণের বিষয়টি বিবেচনার সুবিধার্থে সার্বিক তথ্যাদির সঠিকতা যাচাইকরণের লক্ষ্যে চলতি বছর ১৭ জুলাই দোহাজারী পৌরসভা সরেজমিনে পরিদর্শনে আসেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব (পলিসি সাপোর্ট অধিশাখা) মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার।

অবশেষে বর্তমান পৌর প্রশাসক ঝন্টু বিকাশ চাকমার সময়ে গত রোববার (১৪ সেপ্টেম্বর) দোহাজারী পৌরসভা ‘গ’ শ্রেণি থেকে ‘খ’ শ্রেণিতে উন্নীত হওয়ার প্রজ্ঞাপন জারি করা হয়।

এবিষয়ে চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেন বলেন, “দোহাজারী পৌরসভা গ শ্রেণি থেকে খ শ্রেনিতে উত্তীর্ণ হয়েছে। এটি দোহাজারী পৌরবাসীর জন্য অবশ্যই খুশির সংবাদ। পৌরবাসীর আন্তরিক সহযোগিতা এবং যাদের ঐকান্তিক প্রচেষ্টায় এটির বাস্তবায়ন হয়েছে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ দিতে চাই, একই সাথে দোহাজারী পৌরবাসীর জন্য শুভকামনা জানাই”