চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় বাস-সিএনজি সংঘর্ষে বউ-শাশুড়ি সহ তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টার সময় দোহাজারী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডস্থ হাছনদন্ডী সোনাইর বর বটতল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হাশিমপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডস্থ করিম বক্সের স্ত্রী ফাতেমা বেগম (৭৫) ও তাঁর পুত্র মো. সেলিমের স্ত্রী শামীমা আক্তার (৪৫)।
তাঁরা এলডিপি চেয়ারম্যান ড. কর্ণেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের ভাগিনি ও ভাগিনির পুত্রবধূ।
নিহত অপর ব্যক্তি মো. শরিফ (২৬) ওষুধ কোম্পানি অপসোনিনের এমআর। তাঁর বাড়ি ময়মনসিংহ জেলায়।
গুরতর আহতরা হলেন- হাশিমপুর ৫ নম্বর ওয়ার্ডের পলাশ, রহিম, সাজিদ, হামিম ও সিএনজি চালক মাহবুব। তাঁদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক জিয়াউদ্দিন মজুমদার জানান, সোমবার সকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঈগল পরিবহনের একটি বাস (চট্টগ্রাম- জ ১১-০১২০) দোহাজারী পৌরসভার হাছনদন্ডি সোনাইর বর বটতল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। অপরজন হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করে। এঘটনায় আহতদের দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
দূর্ঘটনা কবলিত বাস ও সিএনজি দোহাজারী হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।