চট্টগ্রামের লোহাগাড়ায় আওয়ামীলীগ নেতার যোগসাজসে সরকারি খাস জমি দখল চেষ্টা ঠেকালেন লোহাগাড়া ইউএনও।
শনিবার দুপুরে অভিযোগ পেয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থল পরিদর্শনকালে অভিযুক্তদের ডেকে কঠোর হুশিয়ারি দেন তিনি। এর আগে স্থানীয়রা এ বিষয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন।
জানা গেছে, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সালাহ উদ্দিন হিরুর পৈতৃক জমিতে লোহাগাড়া সদরের বটতলীতে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ করছে একটি রিয়েল স্টেট কোম্পানী। তার পাশেই ব্যাংক এশিয়া লোহাগাড়া শাখার পেছনে রয়েছে বি.এস ৭১৩ দাগের ১০ শতক সরকারি খাস জমি। যার আনুমানিক মূল্য ৫ কোটি টাকা। উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সালাহ উদ্দিন হিরুর যোগসাজনে ওই খাস জমি দখল করতে মরিয়া উঠেছে দুর্বৃত্তরা। ইতিপূর্বে সাবেক ইউএনও তাদের অবৈধ খাস জমি দখল থেকে উচ্ছেদ করে। গত ৭ সেপ্টেম্বর রাতের অন্ধকারে ওই খাস জমির টিনের ঘেরা ভেঙ্গে মাটি কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরবর্তীতে পুনরায় দখল চেষ্টার বিরোদ্ধে স্থানীয়রা উপজেলার নির্বাহী কর্মকর্তার কাছে প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ করেছেন।
এ বিষয়ে জানতে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সালাহ উদ্দিন হিরুর মুঠোফোনে সংযোগ পাওয়া না যাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, সরকারি খাস জায়গার ওপর কোনো অবৈধ স্থাপনা নির্মাণ করা যাবে না। করলে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে।