চট্টগ্রামের মিরসরাইয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
মঙ্গলবার সকালে (৯ সেপ্টেম্বর) উপজেলার গুরুত্বপূর্ণ মিরসরাই-ফটিকছড়ি সড়কের সম্মুখে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন মিরসরাই পৌরসভার প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের।
অভিযানে মিরসরাই কলেজ গেইট থেকে মিরসরাই ফুটওভার ব্রীজ পর্যন্ত স্থায়ী ও অস্থায়ী শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন ধরে সড়ক দখল করে এবং ড্রেনের উপর স্থায়ী ও অস্থায়ী দোকান গড়ে তুলেন অসাধু ব্যবসায়ীরা। এতে করে মিরসরাই কলেজসহ উপজেলা সদরে অবস্থিত একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পথচারীরা নিয়মিত দুর্ভোগে পড়তেন।
মিরসরাই পৌরসভার প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের বলেন, ‘দীর্ঘদিন ধরে মিরসরাই কলেজ গেইট এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করে আসছে কিছু অসাধু ব্যবসায়ী। ফুটপাত দখলের ফলে শিক্ষার্থীসহ জনসাধারণের চলাচল বিঘ্নিত হচ্ছে। জনস্বার্থে মঙ্গলবার সকাল থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।’