মিরসরাইয়ে কৃষক দলের কমিটিতে আ’লীগ কর্মী

চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়ন কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রাশেদ ও সদস্য রবিউল হোসেন হৃদয়ের বিরুদ্ধে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে।

বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের রাজনীতির কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

এ প্রেক্ষাপটে সংগঠনের শৃঙ্খলা রক্ষার স্বার্থে বিষয়টি যথাযথভাবে খতিয়ে দেখার জন্য ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির সদস্যরা হলেন উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক এমরান হোসেন শামীম, করেরহাট ইউনিয়ন কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি আবুল বশর ও দপ্তর সম্পাদক আব্দুল গফুর। অভিযুক্তরা হলেন করেরহাট ইউনিয়ন কৃষক দলের নব গঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রাশেদ ও সদস্য রবিউল হোসেন হৃদয়।

তদন্ত কমিটি আগামী ৭ কার্যদিবসের মধ্যে সংগৃহীত তথ্য-উপাত্ত ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন মিরসরাই উপজেলা কৃষক দলের আহবায়ক আশরাফ উদ্দিন ও সদস্য সচিব আবু দাউদ বরাবর দাখিল করবে।

মিরসরাই উপজেলা কৃষক দলের আহবায়ক আশরাফ উদ্দিন বলেন, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল অত্যন্ত গুরুত্বের সঙ্গে দৃষ্টি রাখছে। সাংগঠনিক ঐক্য, শৃঙ্খলা ও নেতৃত্বের মর্যাদা রক্ষার্থে এই তদন্ত কমিটি যথাযথভাবে কাজ করবে এবং প্রয়োজনীয় সুপারিশমালা উপস্থাপন করবে।