হাটহাজারী মাদ্রাসা নিয়ে ফটিকছড়ির যুবকের ফেসবুকে অশ্লীল অঙ্গভঙ্গির ছবি ভাইরাল

হাটহাজারীস্থ আল-জামিয়াতুল আহ্‌লিয়া দারুল উলূম মঈনুল ইসলাম (হাটহাজারী বড় মাদ্রাসা) নিয়ে অশালীন অঙ্গভঙ্গি করে উস্কানিমূলক ভাবে ফেসবুকে স্ট্যাটাস (পোস্ট) দেন ফটিকছড়ির এক যুবক। তাঁর এ পোস্ট ঘিরে সমালোচনা ও উত্তেজনা সৃষ্টি হয়।

পোস্টে তিনি হাটহাজারী মাদ্রাসার সামনের একটি ছবি সংযুক্ত অশালীন অঙ্গভঙ্গি প্রদর্শন করে জশনে জুলুশের পক্ষে লিখেন। মুহুর্তে তাঁর পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনা ও উত্তেজনা দেখা দেয়।

ঘটনার সঙ্গে জড়িত যুবক আরিয়ান ইব্রাহিম নিজের ফেসবুক আইডিতে ফটিকছড়ি পৌরসভার ৩নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি পরিচয়ে উস্কানিমূলক পোস্টটি দেন।

ফটিকছড়ি পৌরসভা ছাত্রদলের সভাপতি একরাম উল্লাহ চৌধুরী বলেন, অভিযুক্ত আরিয়ান ইব্রাহিম ছাত্রদলের কেউ নয়। সে সংগঠনের নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছে। তার বিরুদ্ধে সংগঠনিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং প্রশাসনকে আইনগত ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।

অভিযোগের বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, উস্কানিমূলক ফেসবুক আইডিটি ইতোমধ্যে ডিঅ্যাকটিভ করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য তার বাড়িতে অভিযান চালানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোজাম্মেল হক চৌধুরী বলেন “ঘটনার পরপরই থানা পুলিশকে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এলাকাবাসীকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান চলছে এবং বিন্দুমাত্র ছাড় দেওয়ার সুযোগ নেই।