ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ২ টায় মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকার মঈন উদ্দিন পেট্রোল পাম্পের পেছনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে জোরারগঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তার ডাকাতরা হলো উপজেলার বারইয়ারহাট পৌরসভার জামালপুর গ্রামের মৃত মিন্টু মিয়ার ছেলে ইকবাল হোসেন প্রকাশ হাসান (৩৫), জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় গ্রামের শরীফুল ইসলাম সম্রাট (২৫) ও করেরহাট ইউনিয়নের সামনেরখিল গ্রামের মৃত হারুনের ছেলে রিফাত (২৫)।
এ সময় তাদের সাথে থাকা অজ্ঞাতনামা আরো ৮-১০ জন ডাকাত পালিয়ে যায়। তাদের কাছ থেকে ডাকাতির সরঞ্জাম ২ টি স্টীলের তৈরি চাপাতি, ১টি কাঠের বাটযুক্ত ছোরা এক পাশ ধারালো ও অগ্রভাগ সুচালো, ১টি প্লাস্টিকের বাটযুক্ত লাল স্কসটেপ দ্বারা মোড়ানো চাইনিজ কুড়াল, ১টি এসএস পাইপ হাতল যুক্ত চাইনিজ কুড়াল, ২টি একই পরিমাপের কাঠের বাটযুক্ত ছোরা, ১টি কাঠের বাট যুক্ত লোহার তৈরী রামদা, ১টি এসএস পাইপ, ১টি লোহার তৈরী সাবল, ১টি লোহার তৈরী কুড়া বারি, ১টি লোহার তৈরী কাটার উদ্ধার করা হয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাত্রীকালীন সিরা ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে উত্তর সোনাপাহাড় মঈন উদ্দিন পেট্রোল পাম্পের পিছনে অভিযান পরিচালনাকালে ডাকাতির পূর্ব প্রস্তুতিকালে ডাকাতির সরঞ্জামসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইকবাল হোসেন প্রকাশ হাসানের বিরুদ্ধে থানায় ১৮ টি মামলা রয়েছে এবং ২টি গ্রেফতারী পরোয়ানা ও আসামী শরীফুল ইসলাম সম্রাট ৬টি মামলার আসামী এবং ৩টি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এসময় কয়েকজন পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে থানায় ডাকাতির প্রস্তুতির অপরাধে মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’