চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার নতুন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পেয়েছেন ঝন্টু বিকাশ চাকমা। তিনি গত সোমবার (১ সেপ্টেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে এ পদে যোগদান করেন বলে জানা গেছে।
চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদানের পর নিয়মিত দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে দোহাজারী পৌরসভা এবং বরমা ইউনিয়ন পরিষদে প্রশাসকের দায়িত্ব পালন করবেন তিনি।
৩৮ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তা এর আগে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন।
ঝন্টু বিকাশ চাকমা রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার ৩১নং খেদারমারা ইউনিয়নের মন্যারামপাড়া গ্রামের সন্তান। খেদারমারা উচ্চ বিদ্যালয় হতে এসএসসি, রাঙ্গামাটি সরকারি কলেজ হতে এইচএসসি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে লোকপ্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।
হয়রানিমুক্ত ভূমি সেবা দেওয়ার অঙ্গীকার করে চন্দনাইশের ৩৪ তম সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা বলেন, “জনগণকে যেকোনো সময় ভূমি সংক্রান্ত সার্বিক সেবা দেওয়া হবে। জনগণ সরাসরি এসিল্যান্ডের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন। তাদের হয়রানিমুক্ত ভূমি সেবা দেওয়াই হবে আমার প্রথম কাজ।”
সরকারি নিয়ম ও ধারাবাহিকতা অব্যাহত রেখে ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত, জবাবদিহিতামূলক সেবা নিশ্চিত করতে তিনি কাজ করে যাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন এই কর্মকর্তা।