দীর্ঘ ৪১ বছরের শিক্ষকতা জীবনের শেষে সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর চোখের জলে সিক্ত হয়ে রাজকীয় বিদায় নিলেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলঅর বখতিয়ারপাড়া চারপীর আউলিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সহকারী শিক্ষক কাজী মো. আবুল কালাম।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে ঘোড়ার গাড়িতে চড়ে সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত হয়ে কর্মস্থল থেকে শেষ বিদায় নেন তিনি।
মাদ্রাসার অধ্যক্ষ কাজী মো. আবদুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফেরদৌস হোসেন। প্রধান আলোচক ছিলেন পরিচালনা পরিষদের সভাপতি মাওলানা মোহাম্মদ ওসমান গণি। এসময় উপস্থিত ছিলেন, সমাজ সেবক নূর মোহাম্মদ, হাজী মো. ইউনুস, লুৎফর এনাম চৌধুরী, আবু সৈয়দ সওদাগর, বশির রিফাতসহ মাদ্রাসার উপাধ্যক্ষ,শিক্ষক মন্ডলী, বর্তমান ও সাবেক শিক্ষার্থী,গভর্নিং বডির সদস্য ও এলাকাবাসী।
এ সময় বক্তারা স্মৃতিচারণ করে বলেন,শিক্ষক কাজী মো. আবুল কালাম চার দশকেরও বেশি সময় ধরে সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিক্ষার্থীদের পাঠদান করতে গিয়ে গড়ে তুলেছেন ভালোবাসা ও আন্তরিকতার অনন্য বন্ধন। বিদায়ের দিনে তাই প্রাক্তন শিক্ষার্থী থেকে শুরু করে নানা শ্রেণিপেশার মানুষও ভিড় জমায় তাঁর শেষ মুহূর্তের সাক্ষী হতে। কাজী মো. আবুল কালামের মতো নিবেদিতপ্রাণ শিক্ষক সমাজে বিরল। তিনি সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের এক উজ্জ্বল উদাহরণ। তাঁর শিক্ষা ও কর্মপদ্ধতি নতুন প্রজন্মের জন্য দিকনির্দেশনা হয়ে থাকবে। তিনি বিদায় নিলেও তাঁর শিক্ষার্থীদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন।”
অনুষ্ঠানের শেষপর্বে ফুলে সজ্জিত ঘোড়ার গাড়িতে করে তাঁকে বিদায় দেওয়া হয়। ফুলে ফুলে সিক্ত হয়ে আবেগঘন মুহূর্তে শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই প্রবীণ শিক্ষক। এসময় মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা কান্নায় ভেঙে পড়েন।