ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে ডাকাতের কবলে পড়েছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত সোয়া ৮ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের বড়তাকিয়া এলাকায় ডাকাতের কবলে পড়েন তিনি।
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘ঢাকা থেকে পরিবারের সদস্যদের নিয়ে চট্টগ্রামে আসার পথে চট্টগ্রামের মিরসরাইয়ে বড়তাকিয়া বাজার পার হওয়ার পরে বৃহস্পতিবার সন্ধ্যা ৮ টা ১৫ মিনিটে ব্যস্ততম মহাসড়কে ডাকাতদলের আক্রমণের শিকার হয়েছি। মহাসড়কে কয়েকজন ডাকাত গাড়ি গতিরোধ করে আমার ব্যক্তিগত গাড়ি থামানোর চেষ্টা করে। ড্রাইভার গাড়ি না থামালে ডাকাতরা গাড়িতে পাথর মেরে গাড়ীর গ্লাস ভেঙে ফেলে ডাকাতির চেষ্টা করে। ড্রাইভার সজোরে গাড়ি চালিয়ে কৌশলে চলে আসায় কোনরকমে প্রাণে রক্ষা পেলাম।’
তিনি আরো বলেন, ‘ঘটনার পর পর কুমিরা হাইওয়ে থানায় গিয়ে ঘটনার বিস্তারিত অবহিত করি। বার আউলিয়া হাইওয়ে থানার ওসিকেও ঘটনার বিষয়ে অবহিত করেছি। পরে মিরসরাই থানায় ডাকাতদলের বিরুদ্ধে এজাহার দিয়ে বোয়ালখালীর উপজেলা গ্রামের বাড়িতে রওনা হই।’
এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, ‘মোজাম্মেল হক চৌধুরী কুমিরা হাইওয়ে পুলিশ বরাবরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। সেখান থেকে আমাদের কাছে অভিযোগটি পাঠানো হয়েছে। এত সন্ধ্যায় আসলে ডাকাতির চেষ্টা বলে মনে হচ্ছে না। অন্যকোন বিষয় আছে কী না আমরা খতিয়ে দেখছি।’