পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় রায়জোয়ারা আলী হোসেন বেগমা খাতুন সুন্নিয়া নূরানী একাডেমীর আয়োজনে এবং রায়জোয়ারা এলাকাবাসী, জাগ্রত তরুণ একতা সংঘ ও প্রবাসীদের সার্বিক ব্যবস্থাপনায় বর্ণাঢ্য স্বাগত র্যালির আয়োজন করা হয়েছে।
‘জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’ নামে এই র্যালি শুক্রবার (২৯ আগস্ট) সকালে মাদ্রাসা থেকে শুরু হয়ে লালুটিয়া, রায়জোয়ারা, কিল্লাপাড়া, বেগম বাজার, হাজারী পুকুর এলাকা প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসায় এসে শেষ হয়।
পরে মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা দেলোয়ার হোসেন সওদাগরের সভাপতিত্বে ও মাদ্রাসার সুপার মাওলানা রফিকুল ইসলামের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন দোহাজারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পদপ্রার্থী সমাজসেবক মোহাম্মদ নাসির উদ্দীন।
বিশেষ অতিথির বক্তব্য দেন- রায়জোয়ারা দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ আবু ইউসুফ, মাওলানা মাহফুজুর রহমান, সমাজ সেবক আব্দুল আলম কোম্পানি, বাদশা মিয়া, বদিউল আলম, আলী হোসেন প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, হযরত মুহাম্মদ (সা.) জগতের রহমতের উৎস। তাঁর আগমনে পৃথিবী অন্ধকার থেকে আলোর পথ পেয়েছিল। তিনি দুনিয়া ও আখিরাতের সরদার। তিনি শুধুমাত্র নবুওয়াত লাভের পরে নয়। বাল্যকাল থেকেই সমাজে শান্তি প্রতিষ্ঠা করেছেন। পৃথিবীর এমন কোনো লাঞ্ছিত, বঞ্চিত, মজলুম ব্যক্তি নেই, যার স্থান তাঁর কাছে ছিলোনা। তিনি ছিলেন মজলুমদের আশ্রয়স্থল।
পরে মিলাদ-ক্বিয়াম, দোয়া-মোনাজাত ও তাবারুক বিতরণ করা হয়।