লোহাগাড়ায় আলোচিত ফেনসিডিল পাচারকান্ডে তদন্ত কমিটি গঠিত

চট্টগ্রামের লোহাগাড়ায় বহুল আলোচিত পুলিশ-সোর্স কর্তৃক ফেনসিডিল পাচার কান্ডের ঘটনা তদন্তের জন্য ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠিত হয়েছে।

সোমবার দুপুরে মুঠোফোনে তদন্ত কমিটি গঠণের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার
অতিরিক্ত পুলিশ সুপার(শিল্পাঞ্চল ও ডিবি) মোহাম্মদ রাসেল।

এর আগে বৃহস্পতিবার(২১ আগস্ট) রাত দেড়টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বাজারে ৪৮ বোতল ফেনসিডিলসহ তিন পুলিশ সোর্সকে আটক করে স্থানীয়রা। পরে তাদের সেনাবাহিনীর কাছে সোপর্দ করে।

আটককৃতরা হলেন উপজেলার আমিরাবাদ ৭নং ওয়ার্ডের সুখছড়ি পুরাতন বিওসি এলাকার হাছি মিয়ার ছেলে রমিজ উদ্দিন (৩৫), লোহাগাড়া সদরের ৭নং ওয়ার্ডের হোসেন আলী মাতব্বর বাড়ির আবুল হোসেনের ছেলে নাজিম উদ্দিন (৪৫) এবং মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার ভবেরচর এলাকার শহিদ উল্লাহর ছেলে তাজুল ইসলাম (৪৯)।

আটক পুলিশের সোর্স রমিজ উদ্দিন বলেন, লোহাগাড়া থানায় কর্মরত এস আই কামাল হোসেন তাদের ফেনসিডিলগুলো দিয়েছেন। এসব ফেনসিডিল পাশের পার্বত্য লামা উপজেলার আজিজ নগরে নিয়ে যাওয়ার জন্য বলেছিলেন এসআই কামাল হোসেন ।

ফেনসিডিল পাচারে পুলিশ কর্মকর্তা কামাল হোসেনের সম্পৃক্ততার অভিযোগ উঠলে তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে চট্টগ্রাম পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। পরে তাকে রাঙ্গুনিয়া থানায় পদায়ন করা হয়েছে বলে জানা যায়।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার(শিল্পাঞ্চল ও ডিবি) মোহাম্মদ রাসেল মুঠোফোনে জানান, পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক কামাল হোসেনের বিষয়সহ চেকপোস্ট ও সার্বিক বিষয়ে তদন্তের জন্য ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠিত হয়েছে।
এব্যাপারে ওই পুলিশ কর্মকর্তা কোন ধরণের অপরাধের সাথে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে তদন্ত কমিটির প্রধান, সদস্যদের নাম, তদন্ত রিপোর্ট জমাদানের সময়সীমা সম্পর্কে বিস্তারিত জানাতে তিনি অপারগতা প্রকাশ করেন।