চট্টগ্রামের লোহাগাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা মামলায় হয়রানি ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য এস এম চিশতী।
তিনি উপজেলা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের আনোরুল ইসলামের ছেলে ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে লোহাগাড়া সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের পুরাতন থানা রোডে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে তাকে বিস্ফোরক মামলার আসামী করা হয়েছে। অথচ তিনি জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে জোরালো ভূমিকা পালন করেছেন। ছাত্রজীবনে কোন রাজনীতি না করলেও তাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নামে অপপ্রচার চালাচ্ছেন একটি গোষ্ঠী। তিনি মিথ্যা মামলা হতে মুক্ত হতে ও অপপ্রচার বন্ধে সকলের সহযোগিতা কামনা করেছেন।
এসময় উপজেলা যুব ও ক্রীড়া কমিটির সদস্য মাস্টার নাছির উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা সাবেক বৈষম্যবিরোধী ছাত্রনেতা রাকিবুল আমিন, ছাত্রনেতা মিজবাহ উদ্দিন, এরশাদ হোসাইন ও রিদুওয়ানুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।