পিআর পদ্ধতিতে নির্বাচন দিয়ে কালো টাকা ও সন্ত্রাস ছড়ানোর পথ বন্ধ করতে হবে: মিরসরাইয়ে মাওলানা মুহাম্মদ শাহজাহান
‘বাংলাদেশে যেই পরিবেশ তৈরি হয়েছে এই পরিবেশকে কাজে লাগিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমাদের বিজয় নিশ্চিত করার জন্য দেশী-বিদেশী যত ষড়যন্ত্র হবে সকল ষড়যন্ত্রকে আমরা মোকাবেলা করবো ইনশাল্লাহ। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে নির্বাচনের পূর্বে। পিআর পদ্ধতিতে নির্বাচন দিয়ে কালো টাকা ছড়ানোর, সন্ত্রাস ছড়ানোর পথ বন্ধ করতে হবে।’ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট সাইফুর রহমানের সমর্থনে কেন্দ্র পরিচালকদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘অন্তবর্তীকালীন সরকারের প্রধান তিনি একজন ইন্টারন্যাশনাল পার্সোনালিটি। তার সারা দুনিয়ার সাথে কনেক্টিভিটি আছে। একদল তাদের ভয় দেখায়, তারা যেভাবে চায় সেভাবে যেনতেন একটি নির্বাচন দেওয়ার জন্য ভয় দেখায়। চাঁদাবাজদের হাতে বাংলাদেশের নেতৃত্ব এদেশের মানুষ আর তুলে দিবে না।’
বৃহস্পতিবার বিকেলে উপজেলার মিঠাছরা বাজারের শাশা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সমাবেশ বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন আসন পরিচালক অধ্যক্ষ নুর নবীর সভাপতিত্বে এবং মিরসরাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল কবিরের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ ভূঁইয়া। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যান ফেড়ারেশনের সভাপতি ইউসুফ বিন আবু বকর, জোরারগঞ্জ থানা জামায়াতের আমীর মাওলানা নুরুল হুদা হামিদী, মিরসরাই উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা নুরুল করিম, ছাত্রশিবির মিরসরাই উপজেলা সভাপতি সাকিব হোসাইন প্রমুখ।