চন্দনাইশে জামিজুরী নিন্ম মাধ্যমিক বালক বিদ্যালয় এডহক কমিটি গঠিত; সভাপতি পলাশ কুসুম দত্ত

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘জামিজুরী নিন্ম মাধ্যমিক বালক বিদ্যালয়’ এর চার সদস্যের এডহক কমিটির অনুমোদন দিয়েছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

এতে বিদ্যালয়টির সাবেক অভিভাবক সদস্য, রাখাল দাশ স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি ও দোহাজারী পৌরসভা এলডিপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং চন্দনাইশ উপজেলা পুজা উদযাপন পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক পলাশ কুসুম দত্তকে শিক্ষা বোর্ড কর্তৃক সভাপতি মনোনীত করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) শিক্ষা বোর্ড চেয়ারম্যানের আদেশক্রমে বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আবুল কাসেম সই করা ‘জামিজুরী নিন্ম মাধ্যমিক বালক বিদ্যালয়’ প্রধান শিক্ষক বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, তাঁর বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলী পরিচালনার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর প্রবিধানমালা-২০২৪ এর প্রবিধান ৬৪ অনুসারে নিম্নলিখিত ব্যক্তিগণের সমন্বয়ে গঠিত এডহক কমিটিকে এই স্মারক ইস্যুর তারিখ হতে ০৬ (ছয়) মাসের জন্য অনুমোদন করা হল।

চিঠিতে আরো উল্লেখ করা হয়, প্রবিধান ৬৫ (২) অনুসারে এডহক কমিটি ম্যানেজিং কমিটির সকল ক্ষমতা প্রয়োগ এবং সকল দায়িত্ব পালন করবে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং-শিম/শাঃ ১১/১০-১১/২০০৯/১৭১ তারিখঃ ১২/০৪/২০১১ খ্রি. মূলে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী এডহক কমিটি শিক্ষক-কর্মচারী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে না।

কমিটিতে পদাধিকারবলে প্রধান শিক্ষক শ্যামল কান্তি চক্রবর্তীকে সদস্য সচিব, উজ্জল বড়ুয়াকে জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত শিক্ষক সদস্য ও ভবতোষ শীলকে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত অভিভাবক সদস্য করা হয়েছে।

আরও পড়ুন