চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বিষপানে তানজু আক্তার (২৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বুধবার (২০ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত তানজু আক্তার বোয়ালখালী উপজেলার ১০ আহলা করলডেঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধ্যম করলডেঙ্গা গ্রামের প্রবাসী মো.নুরুন্নবীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, নুরুন্নবী সংযুক্ত আরব আমিরাতের দুবাই প্রবাসী। রাতে স্ত্রীকে ফোনে না পেয়ে তিনি পাশের বাড়ির এক বয়স্ক মহিলাকে কল দিয়ে খোঁজ নিতে বলেন। ওই মহিলা ও প্রতিবেশীরা তানজুকে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। পরে তাকে অচেতন অবস্থায় পাওয়া গেলে মুমূর্ষু অবস্থায় বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।