চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থা এবং উপজেলা যুব ও ক্রীড়া কমিটির সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভায় বিষ্ফোরক মামলার এজাহারভুক্ত আসামীর অংশগ্রহণ করার অভিযোগ উঠেছে।
রোববার(১৭ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলামের উদ্যোগে আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত এস এম চিশতী লোহাগাড়া সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের দরবেশহাট এলাকার আনোরুল ইসলামের ছেলে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলা ও বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামী।
এদিকে এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।
জানা যায়, গত বছরের আগস্ট মাসে গঠিত লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য এস এম চিশতী। তিনি চট্টগ্রাম হাজী মুহাম্মদ মহসীন কলেজ ছাত্রলীগের ভয়ংকর গ্রুপ ‘এম’(মাহমুদুল করিম) ফোর্সের সক্রিয় সদস্য ও সাবেক লোহাগাড়া উপজেলা ভাইস-চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক এস. এম মামুনের শ্যালক। ‘এম’ ফোর্স গ্রুপের কথোপকথনের বেশ কয়েকটি স্ক্রীনশট প্রতিবেদকের হাতে এসেছে। জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে গত বছর লোহাগাড়া সদরের বাসিন্দা মোহাম্মদ শাহজাহান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এ মামলায় তিনি ৭৪নং এজাহারভুক্ত আসামী।
অভিযুক্ত এস এম চিশতী জানান, তাকে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা ও ভিত্তিহীন মামলায় আসামী করা হয়েছে। তাছাড়া তিনি চট্টগ্রাম হাজী মুহাম্মদ মহসীন কলেজে কোন ধরণের ছাত্ররাজনীতির সাথে জড়িত ছিলেন না। ‘এম’ ফোর্স গ্রুপের কথোপকথনের স্ক্রীনশটগুলো এডিট করা বলে তিনি জানান।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান, তিনি লোহাগাড়ায় নতুন যোগদান করেছেন। তাই কে কোন মামলার আসামী এ ব্যাপারে তিনি অবগত নন। তাছাড়া ওই কমিটি তার পূর্বের উপজেলা নির্বাহী কর্মকর্তার আমলে গঠিত হয়েছে। এ ব্যাপারে তিনি বিস্তারিত জেনে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।