বোয়ালখালীতে বিষ দিয়ে পুকুরের মাছ লুটের অভিযোগ 

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় শাহ্ সুফি মৌলানা আব্দুল গফুর শাহ্ আল মাইজভান্ডারী (র.) মাজারের পুকুরে বিষ দিয়ে মাছ লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

গতকাল শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাতে উপজেলার ৫নং সারোয়াতলী ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে।

পুকুরের মালিক শাহজাদা মো.হাসান বলেন, শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে দুর্বৃত্তরা মাজারের পুকুরের বিষ দিয়ে প্রায় ৭ থেকে ৮ মণ মাছ লুট করে নিয়ে গেছে। বিষ প্রয়োগের ফলে পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে। এতে আনুমানিক ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, পুকুরটিতে ৪ বছর আগে জাল দেওয়া হয়েছিলো। এরপর আর মাছ ধরা হয়নি। এর আগে গত ২০০৭ সালেও দুর্বৃত্তরা পুকুরটিতে বিষ দিয়ে মাছ লুট করে নিয়ে গিয়েছিলো।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।