চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় দশ মামলার আসামি ও মাদক ব্যবসায়ী গ্যাস বাবুলকে ২শ’ লিটার দেশীয় চোলাই মদসহ গ্রেপ্তার করেছে বোয়ালখালী থানা পুলিশ।
মঙ্গলবার (১৩ আগস্ট) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় গ্যাস বাবুলের বসতঘর থেকে প্লাস্টিকের বস্তা ভর্তি ২শ’ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন,সিডিএমএস ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম পর্যালোচনা করে জানা গেছে, বাবুলের বিরুদ্ধে খুন, অস্ত্র, মাদকসহ বিভিন্ন অপরাধের ১০টি মামলা রয়েছে। বিক্রির উদ্দেশ্যে নিজ বসতঘরে অবৈধভাবে চোলাই মদ মজুদ রাখায় বাবুলের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।