উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবার জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করনের লক্ষ্যে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদন্ডী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় দিকে গোমদন্ডী আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজির আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাংলা টিভির সংবাদ কর্মী ও এস,বি নিউজ ২৪ টিভির বার্তা সম্পাদক মোহাম্মদ শাহ আলম বাবলু।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোহাম্মদ ওসমান।
সমাবেশে প্রধান অতিথি শাহ আলম বাবলু বলেন,”শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালো” এই স্লোগানকে বাস্তবায়ন করতে হলে শিক্ষক-অভিভাবকদের যৌথ প্রচেষ্টা অপরিহার্য।তিনি আরো বলেন, শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে মায়েদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং বিদ্যালয়ের সার্বিক নিরাপত্তায় স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।এই সমাবেশ শিক্ষক ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক সহযোগিতার একটি নতুন দ্বার উন্মোচন করেছে বলে মনে করেন তিনি।
বোয়ালখালী গোমদন্ডী আদর্শ সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজির আহমেদ বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন এবং আগামী দিনের পরিকল্পনা সম্পর্কে অভিভাবকদের অবহিত করেন। তিনি শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং ঝরে পড়া রোধে অভিভাবকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সমাবেশে উপস্থিত অভিভাবকরাও বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এই ধরনের আয়োজনের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তারা বলেন, এ ধরনের সমাবেশ শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে ভুল বোঝাবুঝি দূর করে এবং একে অপরের প্রতি দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করে তোলবে।