সাগরে নৌযান ডুবিতে নিখোঁজ আরও এক জেলের লাশ উদ্ধার

বঙ্গোপসাগরে মাছ ধরার নৌযান ডুবের ঘটনায় নিখোঁজ আট জেলের মধ্যে আরও একজনের লাশ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পূর্বগহিরা সাঙ্গু নদ থেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

রবিবার(১০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। তবে তার নাম জানা যায়নি। এ নিয়ে নিখোঁজ আটজনের মধ্যে তিনজনের লাশ উদ্ধার হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার দুপুরে অন্য একটি নৌযানের ধাক্কায় সাগরে নৌযানটি ডুবে যায় বলে জানা গেছে। ডুবে যাওয়া নৌযানটিতে ১৯ জেলে ছিলেন, এসময় ১১ জনকে অন্য একটি নৌকা উদ্ধার করা গেলেও ৮ জন নিখোঁজ ছিল। নিখোঁজ জেলেদের সবাই নোয়াখালীর বাসিন্দা। তাঁদের মধ্যে চারজনের নাম জানা গেছে।

তাঁরা হলেন আবুল বাশার, জামাল উদ্দিন, মো. ফারুক ও মো. ইদ্রিস। নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্ট গার্ডের সাঙ্গু স্টেশন, আউটপোস্ট নরম্যান্স পয়েন্ট ও স্টেশন পতেঙ্গার সদস্যরা উচ্চগতি সম্পন্ন নৌকা এবং সমুদ্র্রে অবস্থানরত জাহাজের সমন্বয়ে অনুসন্ধান যৌথভাবে কাজ করছে।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় নিখোঁজ আট জেলের মধ্যে শনিবার দুইজন এবং রবিবার সকাল সাড়ে ৮ টারদিকে আরও এক জনের মৃতদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মরদেহ আত্মীয়-স্বজনের কাছে হস্থান্তরের প্রক্রিয়া চলছে।