জুলাইয়ের আত্মত্যাগ ও চেতনা স্মরণ করে সামনে এগিয়ে যেতে হবে: আবু সুফিয়ান

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব আবু সুফিয়ান বলেছেন, ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রকামী ছাত্র ও জনতার একটি বিজয়ের দিন। যা গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাসে এক অনন্য মাইলফলক। জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে দেশের জনগণের সোচ্চার হওয়ার এক গৌরবময় অধ্যায়। এই দিনে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা দেশের বুকে জগদ্দল পাথরের মতো চেপে বসা ফ্যাসিস্ট সরকার পালাতে বাধ্য হয়েছিল। আমরা সেই দিনের আত্মত্যাগ ও চেতনা স্মরণ করে সামনে এগিয়ে যেতে চাই। আমি দীর্ঘ ১৬বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে এবং জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন সকলের আত্মার মাঘফেরাত কামনা করছি। যারা আহত হয়েছেন ও পঙ্গুত্ব বরণ করেছেন এবং যারা এখনো চিকিৎসাধীন আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।

তিনি আরও বলেন. জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘ ১৬বছর আমরা রাজপথে লড়াই করেছি। জনগণের অধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। আমরা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দিতে চাই। জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে তাদের পছন্দের সরকার নির্বাচিত করবে। নির্বাচিত সরকার কাঙ্খিত নতুন বাংলাদেশ গঠনে কাজ করবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দিক নির্দেশনায় ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদমুক্ত সত্যিকারের আগামীর বাংলাদেশ গড়তে হবে।

মঙ্গলবার (০৫ আগষ্ট) দুপুরে নগরীর বহদ্দারহাট এলাকায় ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, চান্দগাঁও থানা বিএনপি সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন ভূইয়া, ০৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাজী ইলিয়াছ শেকু, মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি ম.হামিদ। ০৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড যুবদল এর যুগ্ম আহবায়ক শাহ আলম এর সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপি নেতা সিরাজুল ইসলাম, আরিফুল ইসলাম, মো. আলমগীর, ফজল আজিম মাসুম, সিরাজুল ইসলাম ইকবাল, মো. সরওয়ার, জালাল উদ্দীন, মো. বাহাদুর, সাদ্দাম হোসেন, কাইছার উদ্দিন, হেলাল উদ্দিন, মো. খসরু, মো. হাকিম, ইমন প্রমুখ।