চট্টগ্রামের মিরসরাইয়ে তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদ্রাসায় এবারের দাখিল পরীক্ষার ফলাফল শতভাগ পাশের পাশাপাশি পুরো উপজেলায় তৃতীয় স্থান অর্জন করেছে। দাখিলে উত্তীর্ণ সেসব কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, এডহক কমিটির অভিষেক ও অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৩১ জুলাই) মাদ্রাসা হলরুমে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদ্রাসার এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি এডভোকেট মো. মনজুর হোসেন।
মাদ্রাসার শিক্ষক হারুন রশীদের সঞ্চালনায় সুপার মাওলানা মুহাম্মদ মফিজুর রহমানের শুভেচ্ছা বক্তব্যের মধ্যদিয়ে আলোচনা পর্বের সূচনা হয়।
এসময় বক্তব্য রাখেন এডহক কমিটির অভিভাবক সদস্য আমানুল ইসলাম, প্রাক্তন অভিভাবক সদস্য ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দিদারুল আলম দিদার, মাদ্রাসার প্রতিষ্ঠাতা রবিউল হোসেন মেম্বার, মাদ্রাসার নুরানী বিভাগের সভাপতি সেলিম উদ্দিন, শিক্ষক সামিউল আলম, রাশেদা আক্তার, মাওলানা আবুল হোসাইন, অভিভাবক সদস্য আবুল কালাম আজাদ, কবির আহম্মদ নিজামী, নুরুল আলম কোম্পানী, প্রাক্তন ছাত্র আরিফ উদ্দিন প্রমুখ।
মাদ্রাসার এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি এডভোকেট মো. মনজুর হোসেন বলেন, ‘এবারের দাখিল পরীক্ষায় শতভাগ পাশের পাশাপাশি মিরসরাই উপজেলার মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদ্রাসা। দাখিলে মাদ্রাসার ২১ জন শিক্ষার্থী সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। তাদের এডহক কমিটির পক্ষ থেকে সংবর্ধিত করা হয়েছে। এটি এই মাদ্রাসার শুরুলগ্ন থেকে প্রথম উদ্যোগ।’
তিনি আরো বলেন, ‘তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদ্রাসা ২০২৫ সালের দাখিল পরীক্ষায় শতভাগ পাশের সাফল্য অর্জনের দাবিদার শিক্ষক, পরিচালনা পরিষদ, অভিভাবকরা। শিক্ষকদের পাশাপাশি অভিভাবকরা তাদের সন্তানের প্রতি আরো বেশি দায়িত্ববান ও যতœবান হতে হবে। তাহলে আমরা শতভাগ পাশের হারের ধারাবাহিকতা ধরে রাখতে পারবো।’