চন্দনাইশে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

“দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন” এই স্লোগানকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষে চট্টগ্রামের চন্দনাইশে অনুষ্ঠিত হয়েছে আন্তঃবিদ্যালয় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা।

দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর সহযোগিতায় চন্দনাইশ উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুই দিন ব্যাপি প্রতিযোগিতার শেষ দিন বুধবার (৩০ জুলাই) উপজেলা ভিডিও কনফারেন্স রুমে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেন। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ কমরুদ্দিন, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রুবেল।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আরশাদ উল্লাহর সঞ্চালনায় “জবাবদীহিমূলক সরকার ব্যবস্থাই পারে দুর্নীতি দমন ও প্রতিরোধ করতে”- বিষয়ের ওপর বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীরা দুর্নীতির বিরুদ্ধে যুক্তিনির্ভর বক্তব্য উপস্থাপন করেন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বার্তা দেন।

চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতা করে ফাতেমা জিন্নাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও পূর্ব সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়।

পূর্ব সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পক্ষে যুক্তি তুলে ধরেন তাছনোভা চৌধুরী ইতিশা, মহিমা সুলতানা মাইশা, হোসাইনি ইলিয়াছ জিয়াদ। প্রতিপক্ষ ফাতেমা জিন্নাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষে অংশগ্রহণ করেন মরিয়ম আক্তার তানজিন, ওয়াহিদা আক্তার, নাফিজা তাবাসসুম প্রমি।

মডারেটরের দায়িত্বে ছিলেন- ইউআরসি ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি। বিচারক ছিলেন উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায় ও সহকারী সমাজসেবা কর্মকর্তা ফারহানা জাহান।

বিচারকমণ্ডলীর রায়ে পূর্ব সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং ফাতেমা জিন্নাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় রানারআপ হয়। শ্রেষ্ঠ বক্তার পুরস্কার লাভ করেন তাছনোভা চৌধুরী ইতিশা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সাংবাদিক হেলাল উদ্দিন নিরব, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য জিয়া উদ্দিন, প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ চক্রবর্তী, ফরহাদ হোসেন, সহকারী শিক্ষক মো. ইউসুফ আলী, বিলাস বড়ুয়া, সাদিয়া নূর জেনি, নারী উদ্যোক্তা তাহিয়া সুলতানা।

বক্তারা বলেন, দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। এর বিরুদ্ধে শিক্ষার্থীদের অংশগ্রহণ, মতপ্রকাশ এবং সচেতনতা আগামী প্রজন্মকে নৈতিক ও শুদ্ধ সমাজ নির্মাণে অনুপ্রাণিত করবে। শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা জাগ্রত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।