চট্টগ্রামের লোহাগাড়ায় বহুল আলোচিত নির্মাণ শ্রমিক জহির উদ্দিন হত্যা মামলার আসামি সাহাবুদ্দিনকে(৩৬) পুলিশ ও র্যাব’র যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে ।
শুক্রবার (২৫ জুলাই) ভোরে চট্টগ্রাম শহরের মাদার বাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সাহাবুদ্দিন উপজেলার পুটিবিলা নয়াপাড়া এলাকার মৃত সোলায়মানের পুত্র এবং জহির হত্যা মামলা এজাহারভুক্ত পলাতক আসামি।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের সময় তার কাছ থেকে জহির হত্যায় ব্যবহৃত ধারালো ছুরি উদ্ধার করা হয়।
এর আগে, গত ১৩ জুলাই বিকেলে পাওনা টাকা চাইতে গিয়ে নির্মাণ শ্রমিক জহির উদ্দিন (৩৮) নাজিম ও সাহাবুদ্দিনের ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে ১৬ জুলাই রাত ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত জহির পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান নয়াপাড়া এলাকার বাসিন্দা আলী আহমদের ছেলে। হত্যাকাণ্ডের পর নিহতের স্ত্রী ছেনু আরা বেগম বাদী হয়ে লোহাগাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় নয়াপাড়া এলাকার সাহাব উদ্দিন, নাজিম উদ্দিন, মোঃ জুবাই ও মোঃ রিয়াদকে এজাহারভুক্ত আসামি করা হয়। পাশাপাশি আরও ৪-৫ জনকে অজ্ঞাতনামা হিসেবে অভিযুক্ত করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান (ওসি) জানান, গ্রেফতারকৃত শাহাবুদ্দিনকে শুক্রবার বিকেলে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।