চন্দনাইশে ছাদ ওয়াটারপ্রুফিং পণ্য অবৈধভাবে উৎপাদন ও বাজারজাত করায় লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের চন্দনাইশে ড. ফিক্সিট পিডিপ্রুফ ১০১ এলডব্লিউ প্লাস নামের ছাদ ওয়াটারপ্রুফিং পণ্য অবৈধভাবে উৎপাদন ও বাজারজাতের অভিযোগে এএফ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স নামক প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গত বুধবার (২৩ জুলাই) বিকাল সাড়ে ৪টায় উপজেলার খানহাট এলাকায় ছিদ্দিক বাছুরা মার্কেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।

জানা যায়, পিডিলাইট স্পেশালিটি কেমিক্যালস (বিডি) প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে অভিযোগ করা হয়, উক্ত প্রতিষ্ঠানটি ড. ফিক্সিট পিডিপ্রুফ ১০১ এলডব্লিউ প্লাস পণ্যটি বৈধ অনুমোদন ও লাইসেন্স ছাড়াই উৎপাদন ও বাজারজাত করে আসছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় অভিযুক্ত প্রতিষ্ঠানটির প্রতিনিধি নাফিজুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন চন্দনাইশ থানার উপপরিদর্শক (এসআই) রাকিব হাসান, চন্দনাইশ ভূমি অফিসের নাজির আরিফুল হক, পিডিলাইট কোম্পানির ইনভেস্টিগেশন অফিসার মঈনুদ্দিন কাদের, প্রতিনিধি মোহাম্মদ রাসেল ও মোরশেদ খান প্রমুখ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা জানান, “অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দেখা যায়, প্রতিষ্ঠানটি কোনো ধরনের অনুমোদন বা লাইসেন্স ছাড়াই উক্ত পণ্য উৎপাদন ও বাজারজাত করছিল, যা ভোক্তাদের স্বার্থের পরিপন্থী ও আইন পরিপন্থী। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্তকে ১ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।”