মিরসরাইয়ে এক ট্রাকের ধাক্কায় আরেক ট্রাকের চালক নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় জামাল উদ্দিন (৩৪) নামে এক চালক নিহত হয়েছে। বুধবার (২৩ জুলাই) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চলমান সিএনজি ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। নিহত জামাল উদ্দিন ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার বাগান বাজার ইউনিয়নের সিকদারবিল গ্রামের মো. আইয়ুবের ছেলে। এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথকভাবে আরো চারটি সড়ক দুর্ঘটনা ঘটেছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, বুধবার ভোরে প্রচুর বৃষ্টি হয়েছে। এ কারণে সড়ক পিচ্ছিল থাকায় উপজেলার জোরারগঞ্জের সোনাপাহাড় এলাকাতেই তিনটি দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনার প্রথমটি হয় ভোর চারটায়। এসময় গোখাদ্যের কাঁচামালবাহী একটি ট্রাক মহাসড়কের মাঝখানে উল্টে যায়। এই দুর্ঘটনায় চালক ও তাঁর সহকারী সামান্য আহত হন। কিছুক্ষণ পর ওই দুর্ঘটনাস্থল থেকে ৫০ মিটার দক্ষিণে আরেকটি দুর্ঘটনা ঘটে। সেখানে মহাসড়কের ঢাকামুখী লেনে মালবাহী একটি ট্রাকের পেছনে সিমেন্টবাহী একটি ট্রাকের ধাক্কা লাগে। এসময় ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে ট্রাকে আটকা পড়েন চালক জামাল উদ্দিন। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই এলাকায় মাইক্রোবাসের পেছনে মালবাহী ট্রাকের ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। তবে এতে কেউ গুরুতর আহত হননি। অন্যদিকে ভোর পাঁচটায় মিরসরাই উপজেলা সদর এলাকায় আরও দুটি দুর্ঘটনা ঘটে। এতেও হতাহতের খবর পাওয়া যায়নি।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে আহত চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে চালকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাকগুলো উদ্ধার করে থানায় আনা হয়েছে। এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

আরও পড়ুন