চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় গলায় ফাঁস দিয়ে মোঃ জিসান (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছে।
সোমবার (২১ জুলাই) সকাল ১১টার দিকে বোয়ালখালী উপজেলার ১নং কধুরখীল ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ড পূর্ব বেপারীপাড়া এলাকায় নিজ বসতঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে বোয়ালখালী থানা পুলিশ।
নিহত জিসান বোয়ালখালী উপজেলার ১নং কধুরখীল ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ড পূর্ব বেপারীপাড়া মোঃ সোলাইমান বাবুর্চির পুত্র। তিন ভাই ও এক বোনের মধ্যে জিসান দ্বিতীয়। জিসান স্থানীয় চৌধুরীহাট এলাকার একটি স্টিলের আলমারি তৈরির দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মোঃ সাইফুদ্দিন বলেন, জিসান ঘরের সিলিংয়ের বাঁশের সাথে দড়ি দিয়ে গলায় ফাঁস দিয়েছে। এর আগে জিসান গতকাল দিবাগত রাত ৩টা পর্যন্ত এক বন্ধুর সাথে মোবাইল ফোনে কথা বলেছে। ওই বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বোয়ালখালী থানা পুলিশ।পুলিশ জিসানের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
জিসানের পিতা মোঃ সোলাইমান বাবুর্চি বলেন, এক মাস আগে কক্সবাজার যাবে বলে জিসান তার বন্ধুদের সাথে ঢাকা গিয়েছিল। এর ৫-৬ দিন পর বাড়িতে এসে সারাদিন মোবাইলে বন্ধুদের সাথে কথা বলতো। ঘরের কারো সাথে কথা বলতো না। আগে সংসার খরচের জন্য টাকা দিলেও পরে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দেয়। মাঝে ওর মায়ের স্বর্ণালঙ্কার চুরি করে বিক্রি করে দিয়েছে। ধার-কর্জ থাকতে পারে কিন্তু সে একবারের জন্যও বলেনি। এজন্য কি ফাঁস খেতে হবে।
বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ বড়ুয়া বলেন, জিসানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। জিসানকে উদ্ধারের সময় একটি চিরকুট পাওয়া গেছে, তাতে কে কতো টাকা পাবে তা লেখা রয়েছে।
এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তার এক বন্ধুকে আটক করা হয়েছে। ওই বন্ধু গতকাল রাত অবধি জিসানের সাথে কথা বলেছিল।