চট্টগ্রামের লোহাগাড়ায় এক শিশুকে(১০) আবাসিক হোটেলে আটকে রেখে ধর্ষণের অভিযোগে বেলাল উদ্দিন(৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার ভোরে কক্সবাজারের চকরিয়া পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে একটি আবাসিক হোটেল থেকে অভিযুক্তকে গ্রেফতার ও ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। অভিযুক্ত বেলাল উদ্দিন কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের শীলখালী সবুজপাড়ার নুরুল আলমের ছেলে এবং আমিরাবাদ মিফতাহুল উলুম মাদ্রাসা ও হেফজ খানার শিক্ষক। ভুক্তভোগী একই মাদ্রাসার ছাত্র।
জানা যায়, শিশুটি শুক্রবার জুমার নামাজ পড়তে যাওয়ার পথে পূর্ব পরিকল্পিতভাবে অভিযুক্ত বেলাল উদ্দিন জোর করে সিএনজি চালিত অটোরিকশায় তোলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর ভুক্তভোগীর বাবা লোহাগাড়া থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত বেলাল উদ্দিন ও অপহৃত শিশুটিকে শনিবার ভোরে কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভা অভিযান চালিয়ে একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করে। অপহৃতকে উদ্ধার করার পর জিজ্ঞাসাবাদ করলে অভিযুক্ত বেলাল উদ্দিন গত শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে জোর পূর্বক অপহরন করে বলে জানায়। পরে তাকে আবাসিক হোটেলে আটকে রেখে জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে বলৎকার (ধর্ষণ) করে।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) আরিফুর রহমান জানান, অপহৃতের বাবা বাদী হয়ে শনিবার অভিযুক্তের বিরোদ্ধে মামলা দায়ের করেছেন। অপহরণের আগেও বেলাল উদ্দিন শিশুটিকে একাধিকবার ধর্ষণ করেছেন। পুলিশ প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়েছে। অভিযুক্তকে শনিবার চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।