লোহাগাড়ায় দক্ষিণ জেলা শ্রমিক ফেডারেশন সভাপতি নুরুল হোছাইন:গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ৭ দফা বাস্তবায়ন সময়ের দাবী
চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা নুরুল হোসাইন বলেছেন, অর্ন্তবর্তী সরকারের দ্রুত গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং লেভেল প্লেয়িং ফিল্ড বাস্তবায়ন করতে হবে। দেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় এই ৭ দফা বাস্তবায়ন এখন সময়ের দাবি। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এসব দাবি বাস্তবায়ন করে দেশ ও জাতির কল্যাণ নিশ্চিত করতে হবে।
১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ সফল করতে গণমিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। শুক্রবার (১১ জুলাই) বিকালে লোহাগাড়া উপজেলা জামায়াত ইসলামী বটতলী সদরে এ মিছিল ও সমাবেশ আয়োজন করে।
এসময় তিনি আরো বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ নির্বাচন কমিশন, সব দলের অংশগ্রহণ ও সমতাভিত্তিক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা জরুরি। তিনি আগামী ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে সর্বস্তরের জনসাধারনকে অংশগ্রহণের আহ্বান জানান।
লোহাগাড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল কালামের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা বায়তুলমাল সম্পাদক আ ন ম নোমান, প্রচার ও মিডিয়া বিভাগের সম্পাদক অধ্যাপক মোহাম্মদ হাছান, বটতলী শহর শাখার আমীর অধ্যাপক জালাল আহমদ ও সদর ইউনিয়ন আমীর মুহাম্মদ মহিউদ্দিন প্রমুখ।