চট্টগ্রামের লোহাগাড়ার আধুনগর বিট পুলিশিং ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রয়ণ বিষয়ক মতবিনিময় সভায় পুলিশের সামনে ‘জয় বাংলা” ও ‘বাংলাদেশ চিরজীবী হোক” শ্লোগান দিয়ে বক্তব্য শেষ করলেন আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য সন্তোষ কুমার বড়ুয়া । তিনি লোহাগাড়া উপজেলা আওয়ামী মৎস্যজীবীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও আধুনগর ইউপির ৮নং ওয়ার্ডের সাবেক সদস্য। বৃহস্পতিবার ৩৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়লে এ নিয়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৯জুন) দুপুরে উপজেলার আধুনগর ইউনিয়ন পরিষদে লোহাগাড়া থানার উদ্যোগে আধুনগর বিট পুলিশিং ও আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় অনুষ্ঠিত হয়। আধনুগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগেরর অঙ্গসংগঠন আওয়ামী মৎস্যজীবীলীগের লোহাগাড়া উপজেলা কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সন্তোষ কুমার বড়ুয়া সভায় তার বক্তব্যের শেষে “জয় বাংলা” ও ‘বাংলাদেশ চিরজীবী হোক” বলে বক্তব্য শেষ করেন। এসময় মঞ্চে লোহাগাড়া থানার ওসি(তদন্ত) সহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এনিয়ে উপস্থিত ব্যক্তিবর্গের মাঝে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এসময় অনেকে তার এধরনের কর্মকান্ডের তাৎক্ষণিক প্রতিবাদ করেন। পরে তার বক্তব্যের ৩৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। লোহাগাড়া থানার এস.আই মাঈন উদ্দিনের পরিচালনায় এসময় সভায় উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার ওসি(তদন্ত) রবিউল ইসলাম খান, আধুনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দিন, আধুনগর ইউনিয়ন জামায়াত ইসলামীর আমীর আবদুল কাদের, বিএনপির ইউনিয়ন সেক্রেটারি ফরিদুল আলম, নাছির উদ্দিন, আধুনগর ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ও ইউপি সদস্য হাসান আলী, আওয়ামীলীগ নেতা শিবু রঞ্জন পাল ও এনসিপি’র উপজেলা প্রধান সমন্বয়কারী জহির উদ্দীন প্রমুখ।
জাতীয় নাগরিক পার্টি লোহাগাড়া উপজেলার প্রধান সমন্বয়কারী জহির উদ্দিন জানান, এধরণের সভায় দলীয় শ্লোগান দুঃখজনক। তিনি তাৎক্ষণিভাবে বিষয়টি উপস্থিত লোহাগাড়া থানার ওসি(তদন্ত)কে দৃষ্টি আর্কষণ করেছেন বলে জানান।
এবিষয়ে আধুনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দিন মুঠোফোনে জানান, সন্তোষ কুমার বড়ুয়া সাবেক ইউপি সদস্য ও শিক্ষক। তিনি অনাকাঙ্খিতভাবে ‘জয়বাংলা” শ্লোগান দিয়েছেন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি ওই ঘটনার জন্য বলে দুঃখ প্রকাশ করেছেন।
এ বিষয়ে জানতে চাইতে লোহাগাড়া থানার ওসি(তদন্ত) রবিউল ইসলাম খান ঘটনার সত্যতা স্বীকার করেন। তবে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।