চট্টগ্রামের লোহাগাড়ায় চুনতির জাঙ্গালিয়া এলাকায় বেপরোয়া গতির যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ১১ জনের নিহতের ঘটনায় প্রধান আসামি বাসচালক সোহেল তালুকদারকে (২৭) গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
তিনি ঢাকার দক্ষিণ খানের ফরহাদাবাদ এলাকার মোহাম্মদ হানিফের ছেলে।
রোববার (৬ জুলাই) সন্ধ্যায় ঢাকা থেকে র্যাব-৭ ও র্যাব-৪ এর একটি যৌথ টিম তাকে গ্রেপ্তার করে।
জানা যায়, গত ২ এপ্রিল সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতিতে কক্সবাজারমুখী মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী
বাসের সংঘর্ষে মাইক্রোবাসের ১০ জন যাত্রী নিহত হয়। পরে হাসপাতালে আরও একজন যাত্রী মারা যায়। দুর্ঘটনার পর থেকেই ওই বাস চালক পলাতক ছিলেন। এ ঘটনায় নিহত রফিকুল ইসলামের শ্যালক রবিউল হোসাইন বাদী হয়ে দোহাজারী হাইওয়ে থানায় মামলা করেন। এতে বাস চালক সোহেল তালুকদারকে আসামি করা হয়।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, গতকাল(৬জুলাই) সন্ধ্যায় ঢাকার আজিমপুর এলাকা থেকে র্যাব মামলার প্রধান আসামি বাসচালক সোহেল তালুকদারকে গ্রেপ্তার করে। এরপর মিরপুর থানায় তাকে হস্তান্তর করা হয়। গত রাতে সেখান থেকে তাকে দোহাজারী হাইওয়ে থানায় আনা হয়।
(৭ জুলাই) সকালে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।