ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনায় চট্টগ্রামের চন্দনাইশে দুই হাজার এতিম শিশুর জন্য একবেলা খাবারের আয়োজন করেছেন হাইকোর্টের সাবেক বিচারপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাকালীন যুগ্ম সম্পাদক আবদুস সালাম মামুন।
রোববার (৬ জুলাই) দুপুরে চন্দনাইশ পৌরসভার বুলার তালুক এলাকায় তাঁর নিজ বাসভবনে ব্যতিক্রমধর্মী এ আয়োজন করেন তিনি।
চন্দনাইশ উপজেলার দুই পৌরসভা ও আট ইউনিয়ন এবং সাতকানিয়া উপজেলার ছয় ইউনিয়নের বিভিন্ন এতিমখানার দুই হাজারের অধিক শিক্ষার্থীদের জন্য যাতায়াতের ব্যবস্থাসহ খাবার আয়োজন করা হয়। বিভিন্ন এতিমখানা থেকে আগত শিক্ষার্থীরা এই উদ্যোগকে আন্তরিকভাবে গ্রহণ করে। তারা আনন্দঘন পরিবেশে খাবার গ্রহণ করে এবং বিচারপতি আবদুস সালাম মামুনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় উপস্থিত বিভিন্ন পেশার মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন এলাকায় গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়।
বিচারপতি আবদুস সালাম মামুন বলেন, “ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদদের আত্মত্যাগ জাতির জন্য অনুকরণীয়। তাদের স্মরণে আমাদের কর্তব্য সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো। সেই দায়িত্ববোধ থেকেই এতিম শিশুদের সঙ্গে এই দিনটি ভাগ করে নিতে উদ্যোগ নিয়েছি।”
এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবু জাফর চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ সভাপতি সিরাজুল ইসলাম সহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।