রাঙ্গুনিয়ায় মডেল মসজিদের উদ্বোধন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। শুক্রবার (৪ জুলাই) বিকালে ফলক উন্মোচনের মাধ্যমে এটির উদ্বোধন ঘোষণা করেন তিনি।

পরে মসজিদের কনফারেন্স কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন , ৪৩ শতক জমির উপর ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই মসজিদে একসাথে ১২০০ মানুষ নামাজ আদায় করতে পারবেন। ১৩টি গাড়ি পার্কিং করার সুবিধা রয়েছে। এরকম মসজিদ বিদেশে আছে, দেশে মডেল মসজিদ ছাড়া আর কোথাও নেই। যেখানে মাল্টিপারপাস ওয়ার্ক হবে। কোন মানুষ মারা গেলে এখানে আধুনিক মানের লাশ গোসলের ব্যবস্থা আছে। অক্ষম মানুষের জন্য আলাদা নামাজের ব্যবস্থা আছে। হেফজখানা আছে। কিচেন ও ডাইনিং ব্যবস্থা রয়েছে। দেড় থেকে দুইশত মানুষের সেমিনার করার জন্য এসি কনফারেন্স কক্ষের ব্যবস্থা, ইসলামিক রিচার্স সেন্টার, হজ্ব বুকিং ব্যবস্থা, লাইব্রেরী ব্যবস্থা, মেহমান খানায় বিশিষ্টজনদের থাকার ব্যবস্থাসহ নানা সুবিধা রয়েছে এই মডেল মসজিদে।

তিনি আশা প্রকাশ করেন, এই মসজিদের মাধ্যমে এলাকার অপরাধ প্রবণতা কমবে। এটাকে আবাদের দায়িত্ব এলাকাবাসীর উল্লেখ করে তিনি বলেন, “নির্মাণের কোন ত্রুটি পরিলক্ষিত হলে ইউএনওকে জানালে তাৎক্ষণিক আমাদের টিম চলে আসবে।”
উদ্বোধনকালে বিশেষ অতিথি ছিলেন মডেল মসজিদ প্রকল্প পরিচালক ও গণপূর্ত অধিদফতর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শহিদুল আলম, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মুহাম্মদ আঃ আউয়াল হাওলাদার, ইসলামিক ফাউণ্ডেশনের মহা পরিচালক সিনিয়র জেলা ও দায়রা জজ আবদুল ছালাম খান, মডেল মসজিদের উপ প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ ফেরদৌস-উজ-জামান, ইসলামিক ফাউণ্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক সরকার সরোয়ার আলম,চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক ইউনুস চৌধুরী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাসান মুরাদ, নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ শওকত হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ ওসমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মুনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মো. আলমগীর।

মসজিদটি নির্মাণে উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন। নির্মাণ কাজ বাস্তবায়ন করেন গণপূর্ত অধিদপ্তর।

আরও পড়ুন